বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২০:১০ পিএম
মরমি কবি ও সংগীত সাধক হাছন রাজার নিজ জন্মভূমি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে প্রথমবারের মতো হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্মরণোৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলামের (অচিনপুরী) নেতৃত্বে স্মরণোৎসবের সম্ভাব্য মাঠ পরিদর্শন করা হয়।
পরে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, হাছন রাজা ছিলেন এক অনন্য জমিদার। তিনি ছিলেন শৌখিন মানুষ। কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেন এই জগতের চাকচিক্য, বাহাদুরি সবই অর্থহীন। মানুষ একদিন চলে যাবে, তাই তিনি দুনিয়াবিমুখ হয়ে মরমি ভাবনায় ডুবে যান।
ডা. জহিরুল ইসলাম আরও বলেন, আমরা হাছন রাজাকে জমিদার হিসেবে বেশি প্রচার করেছি। কিন্তু তার মরমি দর্শন ও সুফিবাদী চেতনা নিয়ে যথেষ্ট কাজ করিনি। হাছন রাজা ছিলেন একজন সত্যিকারের সুফি ও দরবেশ। বিশ্বনাথবাসী হিসেবে আমাদের এই ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং তার আধ্যাত্মিক দর্শন ধারণ ও চর্চা করতে হবে। তাহলেই এই দর্শন সমাজে ছড়িয়ে পড়বে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে রামপাশায় যে বাড়িটি দেখা যায়, সেটি হাছন রাজা নির্মাণ করেননি; তার ছেলে দেওয়ান একলিমউর রাজা চৌধুরী তা নির্মাণ করেন। হাছন রাজা দালানকোঠা বা পাকা ঘর তৈরি করেননিÑ তিনি পরকালের চিন্তা, আল্লাহর পরম সত্তা এবং রাসুল (সা.)-এর সুফিবাদী দর্শন নিয়েই কাজ করেছেন। তার প্রতিটি গানে সেই মরমি দর্শনের প্রতিফলন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাহাবাজ রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন শিপলু, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, বন ও পরিবেশ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম. এজাজুল হক এজাজ, সদস্য আব্দুল মনাফ প্রমুখ।