বগুড়া অফিস
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে একটি বিড়ালকে নির্মমভাবে গলা কেটে হত্যার অভিযোগে আলোচিত বুলবুলি বেগম (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তাঁর পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেনের বিড়াল হত্যার অপরাধে বুলবুলি বেগমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে
পড়ে। ভিডিওতে দেখা যায়, এক মহিলা একটি বিড়ালের গলা কেটে হত্যা করছেন। ভিডিওটি ছড়িয়ে
পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রাণিপ্রেমীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবি করছেন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
আহ্বায়ক আদনান আজাদ বলেন, আমরা প্রতিটি প্রাণের প্রতি নির্মমতার বিরুদ্ধে লড়ে চলেছি।
এই ঘটনার বিচার হওয়া জরুরি । অভিযুক্তকে গ্রেপ্তারের মাধ্যমে আইন
যে কাজ করছে, তা প্রাণি কল্যাণে একটি ইতিবাচক দৃষ্টান্ত।
সংগঠনটি জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত
চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বিষয়টি জানতে পেরে গভীর মর্মবেদনা
প্রকাশ করেছেন এবং আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
সংগঠনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান
রুমন বলেন, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল ।
এই
চেতনাকে সামনে রেখে আমরা কাজ করছি। এমন নিষ্ঠুর কাজে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে
হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অমানবিক কাজ করার সাহস না পায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম
মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগের পর অভিযুক্ত বুলবুলি বেগমকে দুপুরে তার নিজ
বাড়ি থেকে আটক করা হয়। বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।