সোনাগাজী (ফেনী) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম
ফেনীর সোনাগাজীতে পরকীয়ায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে অটোচালক মো. সুজন (২৬) হত্যায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সোনাগাজী উপজেলার জমাদার বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী বলেন, আমরা সুজন হত্যার ন্যায়বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।
মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সাধারণ জনগণ অংশ নেন। তারা সুজন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, একজন নিরীহ অটোরিকশা চালককে যেভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে, তা মানবতাকে কলঙ্কিত করেছে। খুনিদের ফাঁসি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন- নিহত সুজনের বাবা মো. মোস্তফা, মা বিবি রহিমা, সুজনের ভাতিজা তারেক রহমান, জেলা তাতীদলের যুগ্ম আহবায়ক মো. শাহজাহান ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন মিসকিন, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, চরচান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এনামুল হক, আদর্শ প্রাচীন সমাজের সহ-সভাপতি বাহার মিয়া, আলহাজ্ব চান মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আসিফ রবিন, বিএনপি নেতা কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে রবিবার (২ নভেম্বর) সকালে জমাদার বাজার সংলগ্ন ভাড়া বাসায় পরকীয়ার একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. মামুন ও তার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে সুজনের বিরোধ হয়। রাতেই মামুন ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের সঙ্গে নিয়ে সুজনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুজনের মৃত্যু হয়।
ঘটনার পর ওইদিন পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মামুন হোসেন, আসমা আক্তার, মামুনের শাশুড়ি লিপি আক্তার ও জামসেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, হত্যাকান্ডে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।