× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছরের অগ্রগতি তুলে ধরলেন চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২২:৩১ পিএম

এক বছরের অগ্রগতি তুলে ধরলেন চসিক মেয়র

চট্টগ্রাম নগরীকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটিতে রূপান্তরে গৃহীত কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা তুলে ধরেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।  বৃহস্পতিবার  (৬ নভেম্বর) দুপুরে চসিক মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছরপূর্তির অনুষ্ঠানে এ পরিকল্পনা করেন তিনি। 

নগরীর যোগাযোগব্যবস্থা নিয়ে চসিক মেয়র বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর ১৭ বছর ধরে বেদখলে থাকা ভূমি উদ্ধার করে আগ্রাবাদের সড়ক করে দিয়েছি। এ ছাড়া নগরীতে প্রায় ৫০টি বড় বড় রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেগুলোর কাজ সম্পন্ন হয়ে গেলে এই শহরের চেহারাই পাল্টে যাবে। আশা করছি, চলতি বছরে এই রাস্তার শেষ হবে।

নাগরিক সেবাকে সহজ করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ১০টি সেবা নিয়ে ‘আমাদের চট্টগ্রাম’নামের একটি অ্যাপস লঞ্চ করব আগামী ডিসেম্বরে। অ্যাপটিতে ময়লা পরিষ্কার, নালা পরিষ্কার, রাস্তা সংস্কার, আলোকায়ন, মশা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সংক্রান্ত যেকোনো অভিযোগের ছবি তুলে এই অ্যাপে আপনারা জমা দিতে পারবেন।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় সাফল্য এসেছে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে প্রতিদিন কয়েক হাজার টন ময়লা স্তূপ হয়। এসব ময়লার সিংহভাগ আমরা সংগ্রহ করছি। বাকি যা আছে তাও সংগ্রহে আমি ডোর টু ডোর প্রকল্পটি চালু করেছি। আমি সুখবর দিতে চাই, আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনে কোরিয়ান একটা কোম্পানির সঙ্গে ফেজিবিলিটি স্টাডি শুরু করেছি হালিশহরে। আশা করছি, দুই অথবা তিন মাস পরে ময়লা সংগ্রহ কার্যক্রম বিনামূল্যে করে দেব। 

জলাবদ্ধতার বিষয়ে মেয়র বলেন, সবাইকে নিয়েই আমরা সমন্বিত প্রচেষ্টার মধ্যে চট্টগ্রামবাসীর গত ৩০ বছরের যে জলাবদ্ধতার সমস্যা সেটা আমি অর্ধেকে নামিয়ে এনেছি। কিশোর গ্যাংয়ের ভয়াবহতার বিষয়ে তিনি বলেন, এটি নগরীর জন্য বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধান না করতে পারলে যুব ও কিশোর সমাজকে নিয়ে আমরা যে নতুন চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখেছি, সেটি মুখ থুবড়ে পড়বে। 

হেলদি সিটি পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, ব্রেস্ট ক্যানসার ও লিভার ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করেছি। শিশুদের টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো সমস্যা সমাধানে কাজ করছি। বাংলাদেশে সর্বপ্রথম স্কুল হেলথ কার্ড কার্যক্রম চালু করেছি আমরা। 

অনুষ্ঠানে এআই হেলথ কেয়ার সিস্টেমের উদ্বোধন করেন মেয়র। এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যগত বিভিন্ন ডেটা সংরক্ষণ ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে বিশ্লেষণ করে রোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এদিন মেয়র সরাসরি নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন। অনুষ্ঠানে মেয়রের এক বছরের কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রদর্শন ও উন্নয়ন প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।

চসিক সচিব মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নূরী, চট্টগ্রাম ওয়াসার এমডি মনোয়ারা বেগম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর  সাবেক আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা এ্যাবের সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী প্রমুখ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা