নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১১:২৬ এএম
নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৫২) নামে এক ব্যাক্তিকে হত্যা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলার সুনলিয়া মালঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গোলাম হোসেন মালঞ্চি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই নয়ন ইসলাম জানান, মালঞ্চি গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে কিছুদিন আগে দুই পক্ষ একজন অ্যাডভোকেটের কাছে বৈঠকে বসেন। সেখানে নিহত গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং আজাদের পক্ষে কথা বলেন। এই জেরে বুধবার রাতে মালঞ্চি গ্রামে গোলাম হোসেনের সাথে কথা-কাটাকাটি হয় হারুনুর রশিদের। একপর্যায়ে হারুনের ছেলে অন্তর এসে গোলাম হোসেনকে ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।