চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:২১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ২০:০০ পিএম
চট্টগ্রাম - ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী পূর্ব মসজিদের কাছে গণসংযোগকালে এ ঘটনা ঘটে। এ সময় সরোয়ার বাবলা ও শান্ত নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, এরশাদ উল্লাহ জনসংযোগে গেলে অতর্কিত হামলা হয়। এতে তিনি ও দলের আরও কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। আহতদের চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। এসময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার
(উত্তর) আমীরুল ইসলাম বলেন, এরশাদ উল্লাহ সাহেব নির্বাচনী প্রচারে চালিতাতলী এলাকায়
এসেছিলেন। সেখানে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ
তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। সরোয়ার নামে একজন গুরুতর আহত আছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে
তা আমরা তদন্ত করে দেখছি।