যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম
যশোরে বিএডিসির সার ডিলার নিয়োগ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে যশোর প্রেস ক্লাবের দুতলায় কনফারেন্স রুমে বাংলাদেশ ফর্টিলাইজার অ্যাসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের সার ডিলারা ও সার বিতরণের নেতারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সভাপতি ফাইজুর রহমান বকুল। তিনি জানান, ২০০৯ সালে সাবেক সরকার ডিলারদের জন্য একটা নীতিমালা তৈরি করে ডিলারদের মাঝে সার সরবরাহ করে আসছিল। সেই নীতিমালা বর্তমান সরকার হঠাৎ পরিবর্তন করায় অনেক সার ডিলার ও খুচরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য তিনি বিএডিসির সার ডিলার নিয়োগ বহাল রাখার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (খুলনা ও বরিশাল বিভাগ) সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক পরিচালক হাজী জাহাঙ্গীর হোসেন, সাবেক পরিচালক কাউসার আলীসহ অ্যাসোসিয়েশনের অধিভুক্ত সার ডিলাররা।
উল্লেখ্য, ২০০৯ নীতিমালায় ১টি ইউনিয়নে ৯টি ওয়ার্ডে নয়জন সাবডিলার ও একটি বিসিআইসির বিক্রয়কেন্দ্র বিদ্যমান মোট ১০টি বিক্রয় কেন্দ্র কৃষকদের সার সরবরাহ করছে। কিন্তু ২০২৫ নীতিমালায় ৩টি ডিলারের ৯টি কেন্দ্র প্রস্তাব করা হয়েছে।