স্বর্ণ চোরাচালান
চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৬:৫১ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে সোনার চালান আত্মসাৎকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে অপহৃত বাবা ও ছেলেসহ পাঁচজনকে ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে অবস্থিত রেজাউল ইসলামের খামারের একটি গুদাম থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেনÑ আনারুল ইসলাম (৫২), জীবননগরের গোয়ালপাড়া গ্রামের শফিউল ইসলাম (২৭), (আনারুলের ছেলে) স্বপন হোসেন (৪০), আবুল হোসেন (৩০), হাসান মণ্ডল (২৭)।
স্থানীয়রা জানান, সম্প্রতি সোনার একটি চালান আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে গোয়ালপাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এই বিরোধের জেরে গত ১৩ অক্টোবর আনারুল ও তার ছেলে শফিউলকে এবং পরদিন ১৪ অক্টোবর স্বপন, আবুল ও হাসানকে কৌশলে অপহরণ করে প্রতিপক্ষের লোকজন। পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে ২১ অক্টোবর জীবননগর থানায় হাসান মণ্ডলের বাবা শওকত আলী বাদী হয়ে গোয়ালপাড়া গ্রামের ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।
আসামিরা হলেনÑ আবদুল মজিদ (৪০), আবদুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০); লালন মণ্ডল (৪২), শাহিন উদ্দিন (৩২) ও মিজানুর রহমান (৩০)।
পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে জীবননগর থানা-পুলিশ হরিহরনগর গ্রাম থেকে আজিজুল হক (৪৫) ও আমিরুল ইসলামকে (৩৭) সন্দেহজনক গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য এবং অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই চুয়াডাঙ্গা জেলা পুলিশ, সাইবার ক্রাইম অপরাধ প্রতিরোধ দল, ডিবি ও জীবননগর থানা-পুলিশ যৌথভাবে আজ বুধবার ভোরে যশোরে সফল অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের সকালে জানান, চুয়াডাঙ্গা থেকে ফিরে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।