কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২০:১২ পিএম
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর এলাকায় মাদক উদ্ধারে গিয়ে গাঁজা ভর্তি ব্যাগের ভেতর থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ ১২ কেজি গাঁজাও জব্দ করে বিজিবি।
সোমবার (৩ নভেম্বর) কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, রবিবার মধ্যরাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির অধীনে ভারত সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত গাজার প্যাকেট থেকে দুইটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে থাকা মোট ১২ কেজি গাঁজাও জব্দ করা হয়।
লে. কর্নেল মীর আলী এজাজ আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আসার বিষয়েও গোয়েন্দা তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধ পথে আসা এসব অস্ত্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য আনা হয়েছে। তবে অস্ত্র ও গাঁজা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।