উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম
প্রতিকী ছবি।
বরিশালের উজিরপুরে মুগাকাঠি গ্রামে নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কৃষকের নাম মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা (৭৫। তিনি ওই গ্রামের কাশেম মৃধার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা বাড়ির পাশের জমিতে রোপণ করা ধান ইঁদুরের আক্রমণ থেকে রক্ষায় নিয়মিত বৈদ্যুতিক ফাঁদ পাততেন। তবে সোমবার বিদ্যুতের লাইন বন্ধ না করে বিশেষ কাজে জমিতে যান ওই কৃষক। তখন বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তি নিজ বাড়ির পাশের জমির ধান ইঁদুরের আক্রমণ থেকে রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। তবে অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কৃষক মুজাফর মৃধা। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাব। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মো. সেলিম শেখ জানান, ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা অবৈধ ও শাস্তির যোগ্য অপরাধ। এ বিষয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে কৃষকরা কিছুতেই এ নির্দেশনা মানছেন না।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা সাংবাদিকদের বলেন, যেখানেই বৈদ্যুতিক ফাঁদ পাতা হবে, সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হবে।