ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২০:৪৬ পিএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমি বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে টানা তিনঘণ্টা। এ সময় উভয় পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বহু ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।
স্থানীয়রা জানান, গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী ও লিটন মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের অংশ হিসেবে লিটন মাতুব্বর গ্রুপের সাইমন ও কুদ্দুস মুন্সী গ্রুপের সবুজ শেখের মধ্যে জমি নিয়ে চলমান দ্বন্দ্ব ছিল।
রবিবার বিকালে সেই জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গ্রাম্য সালিশ আহ্বান করা হয়। কিন্তু সালিশ শুরু হওয়ার আগেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা দ্রুতই ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেটা, কাতরা, কালি, শরকি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে একে অপরের ওপর হামলা চালায়। অনেকে মাথায় হেলমেট পরেও সংঘর্ষে অংশ নেয়। প্রায় তিনঘণ্টা চলা এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষের পর থেকে গোপীনাথপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি যেন পুনরায় অস্থিতিশীল না হয়, সেজন্য পুলিশ টহল অব্যাহত রেখেছে।