বিদ্যুৎ প্রি-পেইড মিটার প্রতিস্থাপন
ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ২০:০৪ পিএম
পাবনার ঈশ্বরদীতে নেসকোর বিদ্যুৎ প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে ২০১ জনের নামে নেসকোর নির্বাহী প্রকৌশলীর করা মামলা প্রত্যাহারের দাবিতে ফের প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য নেসকোকে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদী পৌর শহরের স্টেশন রোডের এক নম্বর গেট এলাকায় প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেন অংশগ্রহণকারী জনতা।
গত ২৯ অক্টোবর ঈশ্বরদীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রিপেইড মিটার প্রতিস্থাপন কার্যক্রম বাতিলের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকোর) নির্বাহী প্রকৌশলীর ভবন ঘেরাও করে সাধারণ মানুষ। এ সময় সাধারণ মানুষের তোপের মুখে নির্বাহী প্রকৌশলী প্রিপেইড মিটার না বসানোর লিখিত প্রতিশ্রুতি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সেদিনই নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর এ আন্দোলনের মূল সংগঠক আ.ফ.ম রাজিবুল ইসলাম ইভানকে প্রধান আসামি করে ২০১ জনের নামে এক মামলা দায়ের করেন। তবে মামলাটি মিথ্যা বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।
মামলা প্রত্যাহার ও প্রিপেইড মিটার না বসানোর দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঈশ্বরদী নগরবাসী ফোরামের আহবায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান পলাশ, কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, সাবেক সহসভাপতি মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা আতাউর রহমান পাতা প্রমুখ।
বক্তব্যে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নেসকোর চাপিয়ে দেওয়া প্রি-পেইড মিটার ঈশ্বরদীবাসী চাইনা। তবুও তারা জোর করে ভয়ভীতি দেখিয়ে এ মিটার প্রতিস্থাপন করছেন। তারই বিরুদ্ধে জনগণ নেসকো ঘেরাও করলে উল্টো এ আন্দোলন দমিয়ে দিতে মিথ্যা মামলা করেছে নেসকোর নির্বাহী প্রকৌশলী। শুধু তাই নয় আওয়ামী লীগের লোকজন নিয়ে আন্দোলন কারীদের উদ্দেশ্য করে উত্তরবঙ্গ অচল করার হুমকিও দিয়েছে। আগামি ৩দিনের মধ্যে ২০১ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, প্রিপেইড মিটার সিদ্ধান্ত বাতিল ও নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে প্রত্যাহার করে নিতে হবে। তা নাহলে ঈশ্বরদীবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে জানার জন্য ঈশ্বরদী নেসকো নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘প্রি-পেইড প্রকল্পের বিষয়ে শুধু আমি একা জড়িত না। এতে আমি লিখিত ঘোষণা দিলেই কি আর না দিলেই কি। আলাদা করে এসব ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’
উল্লেখ্য, ঈশ্বরদী নেসকোর বিদ্যুতের প্রি-পেইড মিটার প্রতিস্থপনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন ও ঘেরাও কর্মসূচির চাপে পড়ে নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর এ কার্যক্রম বাতিল ঘোষণা করে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন।