প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৩:০৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে একযোগে কর্মসূচি শুরু করায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। যার প্রভাবে কোথাও কোথাও ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এই যানজটের কারণে মহানগরবাসীর যে ভোগান্তি তৈরি হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।
রবিবার (২ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি আরম্ভ করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এমপিওভুক্তির দাবিতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা নন-ক্যাডারে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে।
ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না বলে জানিয়েছে ডিএমপি।
‘শত বাধা ও প্রতিকূলতার’ মধ্যেও ডিএমপি যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, সেজন্য ঢাকা মহানগর পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।