কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২০:১৪ পিএম
কুমিল্লায় ১২ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গহীন জঙ্গলে সাপটিকে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর ও কুমিল্লার কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ।
বন বিভাগের এই দুই কর্মকর্তা জানান, শনিবার সকালে আনসার ক্যাম্প এলাকার একটি বাড়ির পাশের জঙ্গলের গাছের ওপর সাপটিকে দেখা যায়। খবর পেয়ে এলাকার লোকজন সাপটিকে দেখতে জড়ো হতে থাকেন। পরে তারা ঘটনাস্থলে যান। কিন্তু কোনোভাবেই সাপটিকে উদ্ধার করতে পারছিলাম না। পরে বিভিন্ন কৌশলে সাপটিকে উদ্ধার করে রাজেশপুর ইকো পার্কে নিয়ে অবমুক্ত করেন তারা।
সাপটি খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল উল্লেখ করে রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর বলেন, আমরা যে স্থানে অবমুক্ত করেছি সেখানে পর্যাপ্ত খাবার পাবে। এ ধরনের সাপ বিষধর নয়। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই ধরনের সাপের খোঁজ পেলে তাদের হত্যা না করে বন বিভাগকে খবর দিলে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করা হবে।