গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫৫ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় দুই শিশুকে হত্যা মামলার প্রধান আসামি আজাহারুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরে বালু উত্তোলনস্থলে পাথর কুড়াতে যায় দুই শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। এ সময় পাথর কুড়ানোকে কেন্দ্র করে ওই এলাকার বালু ব্যবসায়ী আজাহারুল ইসলাম ক্ষুব্ধ হন। এ সময় আজহারুল সহযোগীদের নিয়ে শিশু দুটিকে হত্যা করে বালুর নিচে লাশ গুম করার চেষ্টা করেন। সন্ধ্যা পর্যন্ত শিশুরা বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় আজাহারুল ইসলামের বালু উত্তোলনস্থলের বালুর নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।পরে ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে।
র্যাব বলেছে, শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার মতো সংবেদনশীল ঘটনায় তারা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (১ আগস্ট) আদালতে হস্তান্তর করা হবে।