লালমোহন ও শৈলকুপা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৯:১৭ পিএম
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে দুজন একই সাথে মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যান। পুকুরে ঘাটলা থেকে পানির গভীরতা বেশি থাকায় তারা ডুবে যায়। একপর্যায়ে তাদেরকে পুকুরের ঘাটলায় না দেখে স্বজনরা পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। তাদের দুজনকে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে ঝিনাইদহে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৪) ও একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে তাসনীম (৪)।
কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, তিন শিশু দুপুরে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে আরিয়ান ও তাসনীম পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু বিষয়টি জানাতে বাড়িতে ফিরে গেলে স্বজনরা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।