রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৭:২৯ পিএম
চট্টগ্রামের রাউজানে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খায়েজ আহমেদ চেয়ারম্যানের বাড়ির মো. কামালের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মৃত খায়েজ আহমেদের ছেলে মো. কামাল উদ্দিন ও শফিক আহমদের ছেলে মো. সোহেল।
দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের কয়েকটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ঘরের আলমারি, ছাদ ও কাঠের তৈরি গোপন কুঠরি থেকে ৯টি অগ্নেয়াস্ত্র, ১১টি কার্তুজ, ৪টি কার্তুজের খোসা, বিপুল পরিমাণ গোলাবারুদ, রামদা, ধামা, কিরিচসহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক কামাল উদ্দিনের নামে পূর্বে একাধিক মামলা রয়েছে, তবে তিনি জামিনে ছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
রাউজানের বিভিন্ন হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার হয়েছে কিনা জানতে চাইলে র্যাব কর্মকর্তা বলেন, ফরেনসিক তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে। আদালতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।