বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২০:১৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী কাজী রেদোয়ান (২৫) উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর (দক্ষিন কাজী বাড়ির) কাজী সামসু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মো: জাহাঙ্গীর আলম জানান, দুপুর ২ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তী নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী মোটরসাইকেলের সাথে মাধবপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রেদোয়ান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।