মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৭ পিএম
রংপুরের মিঠাপুকুরে জেলা ডিবি পুলিশের অভিযানে কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্ধুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২৮ অক্টোবর) রাতে উপজেলার জায়গীর হাট টু ফেডারেশন বাজারগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় রাতেই মিঠাপুকুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
রংপুর জেলা ডিবি পুলিশ জানায়, মিঠাপুকুর থানাধীন মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানকালে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়নের জায়গীরহাট টু ফেডারেশন বাজারমুখী পাকা রাস্তার ৫০ ফিট দক্ষিণে জনৈক রবিউল ইসলামের সুপারি এবং কলাবাগানে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা ডিবি পুলিশের সদস্যরা পুলিশ পরিদর্শক (এসআই) তাজেদার আলম ফারুকীর নেতৃত্বে, সরকারি গাড়ি রেখে ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে ওই কলাবাগানে অভিযান পরিচালনা করে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্দুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করে।
নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (ডিবি) তাজেদার আলম ফারুকী বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা শনাক্ত করা সম্ভব হয়নি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। জিডি মূলে উদ্ধার দেখানো হয়েছে। কেউ জড়িত থাকলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।