রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২২:১৭ পিএম
রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিসহ ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে গোদাগাড়ী উপজেলা থেকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।
গ্রেপ্তার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং কটূক্তিমূলক বক্তব্য দেয়। সেই সঙ্গে শেখ হাসিনার ছবি প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরবর্তীতে সেই ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করাসহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করত। এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে অবহিত করেন।
ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যায়। পরবর্তীতে ২৭ অক্টোর রাজশাহীর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেয়া হচ্ছে। আদালতের কাছে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।