মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২২:২৭ পিএম
মানিকগঞ্জে সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার আহ্বায়ক ও সাবেক বৈষম্যবিরোধী নেতা ওমর ফারুক ওরফে দাঁড়ি ওমরের বাগবিতণ্ডা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকগঞ্জে সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সভা চলাকালে একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক ওরফে দাঁড়ি ওমর সভাস্থলে ঢুকে সারজিস আলমের সঙ্গে তর্কা শুরু করেন। এতে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।
এ নিয়ে ঘটনার কিছুক্ষণ পরই একটি ভিডিও মানিকগঞ্জের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ‘ওমর ফারুক সারজিস আলমকে উদ্দেশ করে ধমকের সুরে বলছেনÑ এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা! আমরা এই জায়গার স্টেকহোল্ডার (অংশীজন)! উনি জামায়াতের লোক!’
উত্তরে সারজিস আলম বলেন, ‘জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না? আপনি এদিকে আসেন। আপনার কী সমস্যা? আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না!’
ঘটনাটিতে স্থানীয় জনসাধারণের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
হট্টগোলের আগে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, কোনো দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে এনসিপি এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে যারা জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে এবং জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে, প্রয়োজনে তাদের সঙ্গে জোট গঠন করা যেতে পারে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সিটি ড্রিম কনভেনশন সেন্টারে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। কিন্তু তার আগে সরকারকে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। তাহলে ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের কোনো সমস্যা থাকবে না।