চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২১:৩০ পিএম
যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে কেনা বাংলার প্রগতি জাহাজ।
সোমবার (২৭ অক্টোবর) চীনের নানিয়াং থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টায় নানিয়াং থেকে বাংলার প্রগতি যাত্রা শুরু করেছে। এখান থেকে জাহাজটি নিংবো জোসাং বন্দরে যাবে, সেখানে বাংকারিং করার পর বাণিজ্যিক বহরে যুক্ত হবে জাহাজটি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাহাজটি আমরা টাইম চার্টারিংয়ে দিয়ে দিয়েছি। হংকংভিত্তিক চার্টারার কোম্পানি এলটিইকে দৈনিক ২০ হাজার ডলার ভিত্তিতে চার্টারিংয়ে দেওয়া হয়েছে। কোন বন্দর থেকে কী পণ্য প্রথম পরিবহন হবে সেটি চার্টারার কোম্পানি ঠিক করবে।’
বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক জাহাজ। নতুন জাহাজটি যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা বেড়ে হবে সাতটি। নতুন কেনা এ জাহাজের দৈর্ঘ্য ১৯৯ মিটার ও প্রস্থ ৩৩ মিটার। ১৮ মিটার গভীরতার বাল্ক ক্যারিয়ার হিসেবে পরিচিত ‘বাংলার প্রগতি’ ৬৫ হাজার টন পণ্য পরিবহন করতে সক্ষম।
গত কয়েক বছর ধরে বিএসসির বহরে জাহাজ কমতে থাকায় নতুন জাহাজ যুক্ত করতে উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে চীন থেকে ৪টি জাহাজ এবং কোরিয়া থেকে ৬টি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করে বিএসসি। কিন্তু অর্থায়ন নিয়ে জটিলতার কারণে ওই প্রকল্পগুলো থমকে থাকায় গত বছরের শেষ দিকে নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে গত ৩০ অক্টোবর বিএসসির সর্বশেষ বোর্ড সভায় দুটি জাহাজ কেনার বিষয়টি সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়। এজন্য গত ৩ জুন বিএসসি বাল্ক কেরিয়ার জাহাজ দুটি কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। দরপত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতা সম্পন্ন জাহাজ কিনতে যাচ্ছে। ৪ জুন থেকে দরপত্র বিক্রি শুরু হয়। এরপর গত ১৫ জুলাই দরপত্র জমা দেওয়ার তারিখ শেষ হওয়ার পর ১৬ জুলাই দুপুর ১২টায় দরপত্র খোলা হয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। পরে যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছ থেকে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত হয়।
দুটি জাহাজ সংগ্রহের বিষয়ে গত ২১ সেপ্টেম্বর বিএসসি এবং সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, দুটি জাহাজের মধ্যে প্রথমটি আগামী সেপ্টেম্বর বিএসসির বহরে যুক্ত হওয়ার কথা ছিল। এর এক মাস পরেই যুক্ত হওয়ার কথা অন্যটি। সেই অনুযায়ী গত ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রথম জাহাজটি (বাংলার প্রগতি) বিএসসির কাছে মালিকানার কাগজপত্র হস্তান্তর করে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এর দুই দিন পর ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) চীনা শিপইয়ার্ড জিংজিয়াং নানিয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে স্বশরীরে উপস্থিত হয়ে জাহাজের মালিকানা বুঝে নেয় বিএসসি। এরপর সোমবার নানিয়াং থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে বাংলার প্রগতি।