রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩৫ পিএম
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাদরাসার শিক্ষার্থীদের জন্য সরকারি বিনামূল্যের বই বিক্রির সময় একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর ইসলামীয়া সিনিয়র আলিম মাদরাসার সামনে থেকে ১৫৫ কেজি বই জব্দ করা হয়।
এ সময় বই ক্রেতা মো. রাজুকে পুলিশ আটক করলেও পালিয়ে যান বই বিক্রিতা শিক্ষক আহছানউল্লাহ। আটক রাজু রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রামের সইজল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বালুরচর ইসলামীয়া সিনিয়র আলিম মাদরাসার ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক মো. আহছান উল্যাহ চলতি বছরে শিক্ষার্থীদের জন্য আসা সরকারি বই অতিরিক্ত চাহিদা দিয়ে এনে তার বাড়িতে লুকিয়ে রাখেন। পরে ধাপে ধাপে ওই বই বিভিন্ন দোকানে বিক্রি করেন তিনি। সোমবার দুপুরে মাদরাসার সামনে ভ্রাম্যমাণ হকারের কাছে বই বিক্রি করার সময় হঠাৎ পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দিদার উদ্দিন। এ সময় ১৫৫ কেজি বই জব্দসহ রাজু নামে এক হকারকে আটক করা হয়।
মাদরাসার ম্যানেজিং কমিটির দুই সদস্য জানান, ছানাউল্লাহ ও কামাল কাজী নামে দুই শিক্ষক কিছুদিন আগে মাদরাসার ঘরের টিন গোপনে বিক্রি করে দেন এবং মাঠ ভরাটের জন্য আসা সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেন।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক বলেন, এই বই আমার মাদরাসার নয়। উনি কোন জায়গা থেকে বই এনে বিক্রি করছে তা আমি জানিনা।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, বইসহ রাজু নামে একজনকে আটক করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দিদার উদ্দিন বলেন,ঘটনাস্থল থেকে ১৫৫ কেজি বইসহ ক্রেতা রাজুকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সরকারি বই বিক্রির অপরাধে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, বই জব্দের ঘটনায় ওই মাদরাসার অধ্যক্ষকে বাদী করে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।