নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ০১:০৭ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে, তাদের পলিসি মেইন্টেইন করে ও অপকর্ম থেকে দূরে থাকে। তাহলে এনসিপি নরসিংদীর সবচেয়ে প্রাসঙ্গিক দল হিসেবে গড়ে উঠবে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা অ্যাকাডেমির হল রুমে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, এখন রাজপথে ফাফঁরবাজি, সন্ত্রাসী কার্যক্রম করবে, ধমক দিয়ে দোকানের সাঁটার নামিয়ে ফেলবে, ছুরি দিয়ে মানুষকে অঘাত করবে। আর ভোটের দিনে ভোট পেয়ে যাবে ওইদিন আর এখন নেই। শেখ হাসিনা পালানোর সময় তা সঙ্গে নিয়ে গেছেন।
এনসিপির এই নেতা বলেন, এখন যে মানুষ কারও দ্বারা নির্যাতিত হবে, শোষিত হবে, নিপীড়িত হবে, ওই মানুষ ভোটের দিন ব্যালট বাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে। আমরা যদি লাইনে থাকতে পারি আগামী নির্বাচনে এনসিপি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে। আগামীতে এনসিপি নরসিংদীর ঘাটিঁ হয়ে উঠবে। আগামীতে জুলাই নেমে আসলে নরসিংদীর জুলাই হবে স্বর্ণাক্ষরে লিখে রাখার মত আরেকটি জুলাই।
তিনি বলেন, এনসিপি বংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, এখানে এনসিপি আবশ্যক।
সারজিস আলম বলেন, ২৪ -এর অভ্যুত্থান পরবর্তী আমাদের যে আকাঙ্খাগুলো ছিল, সেগুলো আমাদের প্রাত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। এক বছরে যতটুকু হওয়ার কথা ছিল, ততটুকুও হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে, ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামোদকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে । সুযোগ পেলে সকলেই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা লড়াইয়ে মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে।
এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার, জাতীয় ছাত্রশক্তির জেলা আহবায়ক ফাহিম ভূইয়া রাজ অভিসহ জেলার নেতৃবৃন্দ।