রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৭ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে আড়াই কেজি ওজনের বিশালাকৃতির একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯২০০ টাকায়।
রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামে সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।
জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে তিনদিন আগে সাগরে মাছ ধরতে যান। শনিবার (২৫ অক্টোবর) রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে এই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি মতিরহাট আড়তে আনা হলে নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন ওই ব্যবসায়ী।
আড়তদার বাবুল জানান, জেলে সাদ্দাম মাঝি বেশ কয়েকটি মাছসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম হাকা হয় ৯২০০ টাকা, যা ঘাটে এ পর্যন্ত সর্বোচ্চ দামে ইলিশ বিক্রির রেকর্ড। তিনি আরও বলেন, এতো বড় আকারের ইলিশ সচরাচর ধরা পড়ে না।
মাছটির ক্রেতা আমির ব্যাপারী বলেন, ঢাকায় বড় ইলিশের প্রচুর চাহিদা। আশা করছি, এই ইলিশ অন্তত ১১-১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।