ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২১:০৩ পিএম
ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পৌরসভার তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকার মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পৌরসভা সূত্রে জানা গেছে, ভোলা পৌরসভা কর্তৃপক্ষে শনিবার বিকালে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেন। এ সময় একদল দুর্বৃত্তরা এসে পৌরসভার তিনটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্বৃত্তদের এখনও চিহিৃত করা যায়নি। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভোলা পৌর প্রশাসক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যারা পৌরসভার গাড়িতে আগুন দিয়েছে, তারা সবাই মাক্স পরা ছিলো। এজন্য কাউকে এখনও শনাক্ত করা যায়নি। তবে ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া দোষীদের আটকের চেষ্টা চলছে।