মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২১:৫১ পিএম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন—আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই।
ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে তিন শিশু বাড়ির পাশেই খেলছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে অসাবধানবশত খালের পানিতে পড়ে যায় তারা। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খোঁজাখুঁজি করে কিছুক্ষণ পর নাজমুল হাসান সানিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক বলেন, তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল, তবে তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার ছলে খালে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।