রংপুর অফিস
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:১৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২০:২৫ পিএম
সাহিত্য সংগঠন ‘ফিরে দেখা’র এক যুগ পূর্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রংপুরে হয়ে গেল দিনব্যাপী সাহিত্য উৎসব। সারা দেশ থেকে আসা দুই শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকার এতে যোগ দেন।
তাদের অংশগ্রহণে সকালে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল।
ফিরে দেখার সভাপতি তাপস মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম। বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, পুলিশের রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোদক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিরে দেখার সাধারণ সম্পাদক সাকিল মাসুদ। সাহিত্য উৎসব উপলক্ষে দিনব্যাপী স্মারক বক্তৃতা, কবিকণ্ঠে কবিতা, বিষয় ভিত্তিক আলোচনা, ফিরে দেখা ছোট কাগজের আবরণ উন্মোচন, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।