সিলেট অফিস
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৪৩ পিএম
সিলেটে ট্রেনের কালোবাজারি রোধে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের টিকিট যাচাইয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।
প্রথম দিনেই টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ২০ জন যাত্রীকে জরিমানা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রেলস্টেশনে অবস্থান নিয়ে ট্রেন যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) চেক করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব ও শিহাব সারোয়ার অভি সিলেট রেলস্টেশনে অবস্থান নিয়ে ট্রেনে যাওয়া আসা করা যাত্রীদের টিকিট ও এনআইডি কার্ড চেক করেন। এ সময় রেল কর্মী, পুলিশ ও আনসার সদস্যরা তাদের সঙ্গে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারোয়ার অভি জানান, টিকেটের সঙ্গে যাত্রীর নামের মিল না থাকা ও যাত্রীর সঙ্গে এনআইডি কার্ড না থাকায় দুপুর পর্যন্ত অন্তত ২০ জনকে জরিমানা করা হয়েছে। প্রত্যেককে ২০০ থেকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে, গত ১৬ অক্টোবর সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজনীতিবিদ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে নিজ নামে টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সিলেট রেলস্টেশনে টিকি কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে। এতে বেড়েছে কালোবাজারিও। অনলাইনে টিকিট ছাড়ার ৩/৪ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। যার বড় অংশই কালোবাজারিরা কিনে নেয় বলে অভিযোগ রয়েছে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কালোবাজারি বন্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছিলেন, ২৪ অক্টোবর থেকে সিলেটে রেলওয়েতে পরিবহন করতে হলে এনআইডি কার্ড সাথে থাকতে হবে। একজনের টিকেট অপরজন ব্যবহার করতে পারবেন না। এতে প্রথমে কয়েকদিন হয়তো কিছু ভোগান্তি হবে। তবে টিকিট কালোবাজারি বন্ধে এছাড়া আর বিকল্প পথ নেই। একজনের টিকিটে আরেকজন ভ্রমণ বন্ধ করতে পারলে টিকিট কালোবাজারিও বন্ধ হয়ে যাবে।
সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও বাস যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা হঠাৎ বেড়ে যায়। এতে কালোবাজারিদের দৌরাত্ম্যও বাড়ে। এরই প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ‘টিকিট যার, ভ্রমণ তার’ স্লোগানটি বাস্তবায়নে ট্রেনে এনআইডি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেন। শুক্রবার থেকে এ কাযক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।