বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২০:১৬ পিএম
নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান এক নারীর বাড়িতে গিয়ে ফ্রিতে মদ চেয়ে না পেয়ে মব সৃষ্টি করে নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে আনার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। উপজেলার জোনাইল দিঘইর গ্রামের ফুলকুমারী গমেজের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বুধবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে ফুলকুমারী গমেজ (৪৬) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেনÑ উপজেলার কুশমাইল গ্রামের নয়ন হোসেন (২৩), চরগোবিন্দপুর গ্রামের নিসান হাসান (২২), সরাবাড়িয়া গ্রামের কামরুল ইসলাম (২০) ও হৃদয় হাসানসহ (২১) অজ্ঞাত ১০-১২ জন। সবাই স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামের ফুলকুমারী গমেজের বাড়িতে উল্লিখিত আসামিরা প্রবেশ করে বহিরাগত প্রেমিক-প্রেমিকা এসে অনৈতিক কাজ করছেÑ এমন অভিযোগ তুলে মব সৃষ্টি করে এবং তারা বিছানার নিচে রাখা ৫ হাজার টাকা ও ফুলকুমারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।
তবে খোঁজ নিয়ে জানা যায়, ওই নারী একজন দেশি চোলাই মদ বিক্রেতা। ফ্রিতে মদ চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা নয়ন হোসেন জানান, ওই নারী মদ বিক্রেতা। মূলত এলাকায় মদ বিক্রি বন্ধ করতে বলায় প্রতিবাদকারী স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, মব সৃষ্টির ঘটনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট সকল অপরাধ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।