শেখ সিরাজুল ইসলাম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১১:৩২ এএম
৪৫ বছর ধরে ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করছেন আবুল কালাম। প্রবা ফটো
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাওয়াই মিঠাই একধরনের মিষ্টি। এটি আজও গ্রামীণ জনপদে খুবই জনপ্রিয়। বিশেষ করে শিশুদের কাছে খুবই প্রিয়। আর এই হাওয়াই মিঠাই বিক্রি করে দীর্ঘ ৪৫ বছর সংসার চালাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা পুর্বপাড়া গ্রামের মৃত আবদুল জাহেরের ছেলে আবুল কালাম (৬০)। ১৫ বছর বয়স থেকেই চিনি, মিঠাই দিয়ে শিশুদের পছন্দের হাওয়াই মিঠাই বানিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন তিনি।
আবুল কালাম জানান, তার ১৪/১৫ বছর বয়সে তার বাবার তৎকালীন ঢাকার ডিমের ব্যবসায় সহযোগিতা করতে গিয়ে হাওয়াই মিঠাই মেশিন দেখতে পেয়ে এটি তার পছন্দ হয়। হালকা কাজ ভেবে এটি কিনে দেবার অনুরোধ করলে তার বাবা এটি কিনে দেন। সেই থেকে আজ অবধি এই হাওয়াই মিঠাই মেশিনই কালামের সংসার-সংগ্রামের হাতিয়ার।
প্রতিদিন সকাল ৯ টায় বের হয়ে কালাম বাড়ি ফেরেন সন্ধ্যায়। এই মেশিনে হাল ধরছেন সংসারের। কঠোর পরিশ্রম করে করে পাড়ি দিয়েছেন দীর্ঘ জীবন। তবু দমে যাননি। চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম।
আবুল কালাম আরও বলেন, সপ্তাহে ৪/৫ দিন সুহিলপুর, অষ্টগ্রাম, বাকাইল,বাড়িউরা, নোঁয়াগাও, কালীকচ্ছ, সরাইল সদর, শাহবাজপুর, ইসলামপুর, শাহজাদাপুর, মলাইশ, দেওড়াসহ বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বানিয়ে শিশুদের কাছে বিক্রি করি। বয়স্করাও কেনেন। প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা বিক্রি করতে পারি। ছোট সাইজ ৫ টাকা, বড় সাইজ ১০ টাকা। ৫ টাকা পিস বিক্রি বেশি। চিনিকে তাপ দিয়ে গলিয়ে তা একটি হাতে ঘুরানো যন্ত্রে পিষে অল্প সময়ে তৈরি করা হয় ‘হাওয়াই মিঠাই’। ১ মিনিটেই একাধিক হাওয়াই মিঠাই তৈরি করা হয়।
তিনি বলেন, ৪৫ বছর ধরে এই কাজটি করি। গ্রামে গ্রামে ঘুরে কষ্ট হলেও শিশুদের আনন্দ দেখে ভালো লাগে। শিশুরা হাওয়াই মিঠাই খেতে পছন্দ করে। ১ হাজার টাকা বিক্রি হলে ৫ থেকে ৬ শত টাকা লাভ হয়। চিনির দাম বেড়ে গেলে লাভটা কমে যায়।
পৈত্রিক কোন সম্পত্তি ছিলোনা আবুল কালামের। এই কাজের মাধ্যমে ও ছেলেদের সহায়তায় অভাবের সংসারের ঘানি টেনে ৫ শতক বসত বাড়ি কিনেছেন। বর্তমানে ছেলেরা রোজগার করায় তার সংসারে কিছুটা সচ্ছলতা আসলেও এই ব্যবসাটি ধরে রেখেছেন ঐতিহ্য হিসেবে। তার বড় ছেলেও হাওয়ায় মিঠাই বিক্রি করেন।
একই গ্রামের বাসিন্দা বুধল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু চান বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে আবুল কালাম হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করে আসছেন। সাদাসিধে মানুষ আবুল কালাম এই ব্যবসার মাধ্যমে শিশুদের কাছে খুবই পরিচিত।