মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৮:৩৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ১৯:০৪ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় সাংবাদিক হেনস্তার শিকার হয়েছে। এ সময় বাধাপ্রাপ্ত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচেনর মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) সকালে করেরহাট বাজারে লিফলেট প্রদানের সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির (বহিষ্কৃত নেতা) সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। দৈনিক ইনকিলাবের মিরসরাই উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন। হামলাকালে তাদের ‘চেয়ারম্যান, চেয়ারম্যান’ বলে মিছিল দিতে দেখা যায়।
এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও ধানের শীষের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে বুধবার সকালে করেরহাটে আমার গণসংযোগ কর্মসূচি ছিল। এর আগে আমি বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করে জনগণের ব্যাপক সাড়া পাই। আমার সকল গণসংযোগে বিপুল জনসম্পৃক্তকায় ঈর্ষান্বিত হয়ে একদল বিপথগামী ও বিএনপি থেকে বহিষ্কৃতদের অনুসারীরা করেরহাটে আমার শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা করে। এতে হামলা নেতৃত্ব দেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু ও সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু বলেন, করেরহাটে প্রতি হাটবারে আমরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করে থাকি। বুধবার তারই অংশ হিসেবে আমরা গণসংযোগ করতে গেলে শাহীদুল ইসলাম চৌধুরীর মুখোমুখি হই। এতে সামান্য তর্কাতর্কি হয়েছে। হামলার বিষয়টি সত্য নয়।
এ বিষয়ে সাংবাদিক নাছির উদ্দিন বলেন, আমরা দায়িত্ব পালনকালে ভিডিও করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে বের করে দেয়।