তারাগঞ্জ (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৫:১৭ পিএম
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৩৫) নামের এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহসড়কের ইকরচালী বাজারসংলগ্ন উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোতালেব হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মুরাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটো ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোতালেব হোসেন মারা যান এবং অটো ভ্যানে থাকা একজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।