ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৩:৩৭ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮)। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে।
নাজমুল হক টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
জানা যায়, ২১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ রাত্রিকালীন জরুরি ডিউটি চলাকালীন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে ঢাকা মেট্রো ড-১২-৫৮১৫ ট্রাকচালকের সঙ্গে কথা বলার সময় ভৈরবগামী দ্রুত বেপরোয়া গতিতে অজ্ঞাত আরেকটি ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানের ডানপাশে সজরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি বাম পাশে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, নাজমুল হকের মৃত্যুতে ভৈরব হাইওয়ে থানা পুলিশ শোকাহত ও স্তব্ধ হয়ে পড়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যত দ্রুত সম্ভব ঘাতক ট্রাক ও চালককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করব। কনস্টেবল নাজমুল হকের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এবং তাদের সান্ত্বনা দিচ্ছি ও শোক যাতে সইতে পারে সেজন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করছি।তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে খোঁজে বের করার জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আমরা আশা করছি, খুব শিগগিরই ট্রাক ও ট্রাকচালকে আটক করতে সক্ষম হবো।