খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২২:০৪ পিএম
ফেসবুকে প্রচার চালিয়ে যখন-তখন, যেখানে-সেখানে সভা-সমাবেশ না করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এ সময়ে প্রশাসন ও সরকারি দপ্তরগুলো নানামুখী দায়িত্বে ব্যস্ত থাকবে। হঠাৎ করে কর্মসূচি ঘোষণা করলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই রাজনৈতিক, সামাজিক বা অন্যান্য আয়োজনের অন্তত এক সপ্তাহ আগে প্রশাসনকে অবহিত করতে হবেÑ যাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা যায়।’
তিনি আরও বলেন, ‘অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুটহাট প্রচারণা চালিয়ে সমাবেশের ডাক দিচ্ছেন। এটি জননিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
সভায় পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়ি জেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল জেলা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে খাগড়াছড়ি শহরকে সিসিটিভির আওতায় আনতে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামগ্রিকভাবে ভালো রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু চুরির ঘটনা ঘটলেও পুলিশ সজাগ রয়েছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা ও উসকানির কারণে অতীতে খাগড়াছড়িতে সংঘাতের ঘটনা ঘটেছে। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গত মাসে যেমন উত্তেজনা ছড়িয়েছিল, ২০২৪ সালেও দীঘিনালায় একই চিত্র দেখা গেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে অনলাইন উসকানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি ।’
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।