মোল্লাহাট (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৫ পিএম
বাগেরহাটের মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা খাতের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস জানায়, মোট ৪৯৫ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫০ জন কৃষক বাড়ির আঙিনায় আগাম শীতকালীন শাকসবজি চাষের জন্য উফশী জাতের ৭ ধরনের সবজির বীজ (মোট ৫০০ গ্রাম) পাবেন। এ ছাড়া মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশা চাষের জন্য ৩৪৫ জন কৃষককে বীজ, ডিএপি ও এমওপি সার সরবরাহ করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু ও কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান বলেন, ‘এতে কৃষকরা আগাম সবজি চাষে উদ্বুদ্ধ হবেন, উৎপাদন বাড়বে।’ তারা আরও জানান, সরকারের এই উদ্যোগের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।