মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৯:৪৮ পিএম
কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের মাত্র ২০০ গজ পূর্বে সড়কের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। স্থানীয়দের অসচেতনতা ও খাল দখলের কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন পথচারী ও আশপাশের বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রামধনীমুড়া ও নিমাইকান্দি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন। খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ময়লা আবর্জনা ফুঁসে দুর্গন্ধ ছড়ায়, চলাচল দুর্বিষহ হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, মৃত জলিল মিয়ার ছেলে মোক্তল হোসেন (৫২) ও মৃত রোছমত আলীর ছেলে বুচ্চু মিয়া (৫৫) খালের পূর্বাংশ দখল করে মাটি ভরাট করেছেন। এতে পানি চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে।
খালের ওপর ময়লা-আবর্জনা ফেলার কারণে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে পথচারী, স্থানীয় ব্যবসায়ী এবং উপজেলা পরিষদে আগত সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। এছাড়া ময়লা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, মুরাদনগর-কোম্পানিগঞ্জ সড়কের দক্ষিণ পাশে জেলা পরিষদের একটি খাল ছিল, যা দিয়ে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন হতো। বর্তমানে দখল ও আবর্জনায় পানি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত খাল পরিষ্কার করে পানি চলাচল স্বাভাবিক করতে হবে। পাশাপাশি রামধনীমুড়া থেকে উপজেলা পরিষদ গেট পর্যন্ত অন্তত দুটি ৫০ ফুট দীর্ঘ কালভার্ট নির্মাণ করলে স্থায়ী সমাধান পাওয়া যাবে।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। জনভোগান্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।