চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২২:২৫ পিএম
চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ দিনে ১৬ লাখ ৮ হাজার ১৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, গত ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, বুড়িপোতা, বাজিতপুর ও ইছাখালী বিওপি এলাকার দায়িত্বপূর্ণ স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জব্দ করা হয়- ১৫ গ্রাম হেরোইন, ১২৫ বোতল মদ, ৬০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৪৫০টি নেশাজাতীয় ট্যাবলেট, ৫৯২টি সেনেগ্রা ট্যাবলেট, ৬১টি ভারতীয় শাড়ী, ৩২৫টি ভারতীয় কসমেটিক্স, ৩টি মোবাইল ফোন, ২৭ কেজি পেঁয়াজ বীজ, ১ হাজার ৩৭০ কেজি ও ৫২ প্যাকেট ভারতীয় আতশবাজি, ১৪ বোতল ভারতীয় কিটনাশকসহ অন্যান্য চোরাচালান পণ্য।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।