নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২০:২০ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার; এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। তবে এই ইনফরমেশন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত। কারণ মানসম্মত তথ্য সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি শেষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, তথ্য যদি মানসম্মত না হয়, তাহলে সমাজ ও রাষ্ট্রে বিভ্রান্তি ও সমস্যার সৃষ্টি হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও জটিলতা দেখা দেয়। যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের উচিত সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, যাতে তথ্য হয়ে ওঠে আস্থার ও নির্ভরযোগ্যতার প্রতীক।
নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।