কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ২০:১২ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনেরও ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টা ১২ মিনিটে কলেজের কান্দিরপাড় এলাকায় অবস্থিত উচ্চ মাধ্যমিক শাখায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত তাহফিদের ওপর হামলা করে এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে ফাহাদ নামের আরেক শিক্ষার্থী বিষয়টিতে জড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিফাত তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের ডেকে আনে। দুপুরে ক্লাস শেষ হওয়ার সময় কলেজ প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় সিফাত ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ হাতে ধারালো রামদা নিয়ে অন্যদের ধাওয়া করছে এবং আরেক তরুণের হাতে পিস্তল দেখা যাচ্ছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঁঞা বলেন, ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী না হলেও, আমাদের কয়েকজন শিক্ষার্থী এতে জড়িত। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদেরও অবহিত করছি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।