ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৯:২৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১৯:৪৩ পিএম
নিহত ইকবাল হোসেন।
ময়মনসিংহের ফুলপুরে দেবর–ভাবীর পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী এবং সাত বছরের এক কন্যাসন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের রমজান আলী নামের এক ব্যক্তি কাজের সূত্রে ঢাকায় থাকেন। তার স্ত্রী সোহেলী আক্তার বাড়িতে অবস্থান করছিলেন। স্বামী ঢাকায় থাকার সুযোগে তিনি চাচাতো দেবর সাদ্দামের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। প্রায় ৪–৫ দিন আগে ইকবাল ওই পরকীয়া সম্পর্ক উলঙ্গ অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকের নিচে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সাদ্দামের ভাই বাবু মিয়া ছুরি দিয়ে রেজাউল মিয়া (২৫) নামে আরও একজনকে পেটে আঘাত করেন। সংঘর্ষে রমজান ও সাদ্দাম আহত হন। সংঘর্ষে আহত চারজনকেই ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার বিষয়ে নিহতের চাচা রমজান আলী বলেন, আমার স্ত্রীর পরকীয়ার কারণে আমার ভাতিজাকে প্রাণ দিতে হলো। আমি এই হত্যার বিচার চাই।
নিহতের মা শেফালী আক্তার বাদী হয়ে রবিবার (১৯ অক্টোবর) সকালে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও দুই–তিনজন অজ্ঞাতনামাকে আসামি করে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।