রাজশাহী অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ পিএম
‘গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচা পাবার জন্য সহজ ও কার্যকর মাধ্যম। গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে আদালতে না যান বরং তারা নিজ এলাকাতেই ন্যায়বিচার পান, সেজন্যই সরকার এই কার্যক্রম পরিচালনা করছে।’
রবিবার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জাকিউল ইসলাম।
তিনি বলেন, গ্রাম আদালতের ব্যাপারে সাধারণ মানুষের পর্যাপ্ত ধারণার অভাব রয়েছে। তাই আমাদের দায়িত্ব হলো এ ব্যাপারে জনগণকে জানানো।
মোট কথা ন্যায়বিচারের পথ সহজতর করা। এ বিষয়ে প্রচার-প্রচারণা বাড়লে মানুষ মামলা না করেই ন্যায্য সমাধান পাবেন। এতে তারা উৎসাহিতও হবেন। তাদের সময় ও টাকা দুটোই বাঁচবে।
তিনি আরও বলেন, এনজিও প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের এই কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়া উচিত। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে পারে।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ছোটখাটো বিরোধ নিজেরাই মীমাংসা করতে পারবে, এতে মামলা জট কমার পাশাপাশি স্থানীয় শান্তি-শৃঙ্খলা রক্ষা পাবে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারি লুৎফর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মনিরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন, জেলা তথ্য দপ্তরের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এবং জেলা আনসার ও ভিডিপি অফিসের সিএ তরুণ কুমার।