খুলনা অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৭:২১ পিএম
নিহত রেজাউল ইসলাম।
খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় রবিবার (১৯ অক্টোবর) সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম রেজাউল ইসলাম (২০)। তিনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা এবং স্থানীয় চা-পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড়সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের পেছনের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই রূপসা থানার এসআই মো. ইমরান হোসেন এবং এএসআইসহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
রূপসা থানার এসআই ইমরান হোসেন বলেন, মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির পেছনে কারা জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।