রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১০:৩২ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১১:১৪ এএম
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়া স্পর্শসহ একাধিক পর্বত জয়কারী ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরপাড়ের ছেলে আখলাকুর রহমান ওরফে আকি রহমান দ্বিতীয়বার হিমালয় পর্বতমালার অন্যতম কঠিন চূড়া আমা দাবলাম জয় করেছেন। গত বুধবার নেপালের স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে তিনি আমা দাবলামের চূড়ায় পৌঁছান। প্রতিবারের মতো এবারও তিনি পর্বত চূড়ায় পৌঁছানোর পর বাংলাদেশের পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে আকি রহমান মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পর্বত চূড়ায় পতাকা উড়িয়েছি। আমি আমার দেশকে খুব ভালোবাসি। এ অর্জন শুধু আমার নয়, আমার মাতৃভূমির। বর্তমানে আমি একসঙ্গে ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশনে রয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
আকির খালাত ভাই সামিনুর রহমান জানান, গত ১৬ সেপ্টেম্বর ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশন নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে নেপালে আসেন। ২৫ সেপ্টেম্বর নেপালের মানাসলু জয়ের পর ১৫ অক্টোবর আমা দাবলাম জয় করেন।
প্রসঙ্গত, পর্বতারোহী আখলাকুর রহমান আকি জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরবেষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত। জন্মসূত্রে তিনি বাঙালি। মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান ইংল্যান্ডে। শৈশব কেটেছে ওল্ডহ্যাম শহরে। ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট কিলিমানজারো (উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার) জয় করে প্রথম সাফল্য অর্জন করেন তিনি। এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক; একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস; যা কিনা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমা দাব্ল্যাম জয় করেন তিনি, যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার। ২০২২ সালের ১৩ মে হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আকি। এরপর তিনি ২০২৪ সালের ২২ মে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করেন।