সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:২১ পিএম
টাঙ্গাইলের সখীপুরে প্রশিক্ষিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার তালিম ঘরের গ্রিন হেভেন প্রাঙ্গণে রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) উদ্যোগে ‘বৃক্ষরোপণ, সবুজায়ন এবং ফলের গাছ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও উন্নত জাতের ফল ও ফসলের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এমএ সামাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আমীন শরীফ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূঁইয়া, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন, আরএমটিপি প্রকল্পের কন্সালটেন্ট, বাকৃবির প্রফেসর উজ্জ্বল কুমার নাথ, কন্সালটেন্ট মিজানুর রহমান, আরডিএসের প্রধান নির্বাহী অফিসার মো. নূরু উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. এমএ সামাদ বলেন, বৃক্ষ আমাদের অনেক উপকারে আসে। যেমনÑ পরিবেশ সুরক্ষায় বৃক্ষছায়া, বাতাস শুদ্ধ রাখা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং কার্বন ডাই-অক্সাইড শোষণে সাহায্য করে। ফলে গ্রিনহাউস গ্যাস কমে পরিবেশ সুস্থ থাকে। জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষ নানা প্রাণী ও পাখির আবাসস্থলের সহায়ক, ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
অনুষ্ঠানে প্রশিক্ষিত কৃষকদের মাঝে রাম্বুটান, পারসিমন, লঙ্গান, এভকাডো, এরাবিকা কফি, কাজুবাদাম, চেরি ফল, ডুরিয়ান, সফেদা, শরিফা, আনার (পাকিস্তানি), মাঝেরী, জাম্বুরা, কতবেল, আতা, মিষ্টি তেঁতুল, মাল্টা, লাল পেয়ারা, ডালিমসহ বিভিন্ন জাতের উন্নতমানের দেশি-বিদেশি ফলের চারাগাছ বিতরণ করা হয়।