নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৮:১৮ পিএম
নিখোঁজ হওয়ার ১৪ দিন পর সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে উদ্ধার করা হলো ১২ বছরের নিখোঁজ বালিকা শিশু আসমা জাহান মিথিলাকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা দাবি করেছে, বিশেষ প্রযুক্তির সহায়তায় তারা এই উদ্ধার অভিযান সফল করেছে এবং বুধবার বিকাল ৫টায় তাকে খুঁজে পায়।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তার আইনগত অভিভাবক, মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ সত্যতা নিশ্চিত করেছেন। পিবিআই জানান, গত ৩ অক্টোবর সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকা থেকে ভিকটিম আসমা জাহান মিথিলা (১২) নিখোঁজ হয়। এই বিষয়ে ভিকটিমের মা মোসা. নাজমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানা পুলিশ ও অন্যান্য সংস্থা তদন্ত শুরু করলেও একপর্যায়ে নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে তার মা পিবিআই নারায়ণগঞ্জ জেলার দ্বারস্থ হন।
মামলার তদন্তভার পান পিবিআই নারায়ণগঞ্জ জেলার এসআই (নিঃ) মো. হযরত আলী। পিবিআই’র দাবি, পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানে তারা এই তদন্ত শুরু করে।
পিবিআই নিশ্চিত করেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং জালকুড়ি বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তারা দেখতে পায়, গত ৩ অক্টোবর, ভোর ৫টা ৫৮ মিনিটে আসমা জাহান মিথিলাকে সংগীয় আরেকজনের সঙ্গে সাইনবোর্ড মুখী হাঁটতে দেখা যায়। এই ক্লু অনুসরণ করে এবং তথ্যপ্রযুক্তির নিবিড় সহায়তায় পিবিআই জানতে পারে যে, সংগীয় ছেলেটি সিলেট মেট্রোপলিটন এলাকার কাজিটোলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে এসআই মো. হযরত আলী, এসআই মো. মফিজুর রহমান এবং কনস্টেবল সত্যেন্দ্রনাথ দত্তের সমন্বয়ে পিবিআই’র একটি আভিযানিক দল সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন কাজিটোলা এলাকায় অভিযান চালায়।
পিবিআই জানায়, গত ১৬ অক্টোবর বিকাল ৫টায় কোতোয়ালি থানাধীন কাজিটোলা এলাকার জনৈক মাহবুব হোসাইনের ভাড়াটিয়া, মো. রতন (১৭)-এর ঘর থেকে নিখোঁজ ভিকটিম আসমা জাহান মিথিলাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমকে নিয়ে পিবিআই দল গভীর রাত অর্থাৎ, ১৭ অক্টোবর ভোর ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ অফিসে পৌঁছায়।
পিবিআই আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকাল ১০টায় উদ্ধারকৃত ভিকটিমকে তার মাতা ও জিডির বাদিনী মোসা. নাজমা বেগমের কাছে হস্তান্তর করা হয়। ভিকটিমের মায়ের কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।