সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৯:০১ পিএম
প্রতিকী ছবি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে আনিছুর রহমান (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদে উদ্ধার করা হয়। আনিছুর রহমান ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আনিছুর রহমান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে বিলের পাশে ধানক্ষেত থেকে আসা দুর্গন্ধের সূত্র ধরে মরদেহ শনাক্ত করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আনিছুরের মরদেহ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনিছুর রহমান নিখোঁজের ব্যাপারে আগে কোনো জিডি করা হয়নি।
বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) পারিবারিক বিবাদের জের ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর আনিছুর রহমান আর বাড়িতে ফেরেনি বলে শুনেছি।
সুন্দরগঞ্জ থানা ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।