× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চ আদালতে অনেক সংস্কারের প্রয়োজন: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২১:৪৮ পিএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উচ্চ আদালতে এখনো বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, উচ্চ আদালতের বেঞ্চ গঠনের কাজ বিকেন্দ্রীকরণ করতে হবে। মামলার সিরিয়ালে অনিয়মের কারণে পুরনো মামলা পেছনে চলে যায়, আবার নতুন মামলা আগে আসে—এ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনলাইন জিডি (ই-বেইলবন্ড) কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমরা অনেক কাজ করেছি। সময় বাঁচানোর জন্য আমরা ফৌজদারি কার্যবিধিতে অনেক পরিবর্তন এনেছি। সরকারি ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের সাক্ষ্য এখন অনলাইনে নেওয়া যাবে। বিচার নিতে মানুষকে যে ভোগান্তি পোহাতে হয়, সেটা কমানোই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি বাচ্চার কাস্টডি কে পাবে, বা দুই লাখ টাকার চেকের মতো ছোটখাটো বিষয় নিয়ে যেন মানুষকে কোর্টে যেতে না হয়, সেজন্য আমরা সংস্কার করছি। এটি এখন পাইলট প্রজেক্ট আকারে চলছে; দু’এক মাসের মধ্যেই সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উচ্চ আদালতের সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, নিম্ন আদালতে সংস্কার করলেও যদি উচ্চ আদালতে পরিবর্তন না আসে, তাহলে কোনো লাভ হবে না। নিম্ন আদালতে নিষ্পত্তি হওয়া অনেক মামলা উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। শিশু আছিয়ার ঘটনায় আমরা আইন পরিবর্তন করে এক মাসে বিচার করেছি, কিন্তু উচ্চ আদালতে তা কয়েক বছরেও শেষ হবে কি না—নিশ্চিত নয়।

উচ্চ আদালতের বিচারকদের পরিদর্শন কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, বগুড়ায় এক জায়গায় ইনস্পেকশনে গিয়ে দুই লাখ টাকার বেশি খাবারের বিল হয়েছে। এই টাকা দিয়েছেন নিম্ন আদালতের গরিব বিচারকরা। ইনস্পেকশন এখন আনন্দভ্রমণে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, নিম্ন আদালতে সংস্কার করবো, কিন্তু উচ্চ আদালত আগের মতো থাকলে বিচারপ্রার্থীরা কোনো সুফল পাবেন না। আমরা যতদিন আছি, সংস্কারের কাজ চালিয়ে যাবো। এজন্য আপনাদের সহযোগিতা চাই। সবাই মিলে বিচারব্যবস্থাকে আগের চেয়ে আরও সুন্দরভাবে সাজাতে পারবো।

অনুষ্ঠানে এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ আইনজীবী ও বিচারকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা