ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৭:৪৫ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহানুর ইসলাম বাবু (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরিফ মোল্যা (২৭) নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজের সামনে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মান্নান মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শাহানুর বাবু ও তার বন্ধু আরিফ মোল্যা মোটরসাইকেলে করে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ মোল্যা চিকিৎসা নিয়ে বর্তমানে শঙ্কামুক্ত আছেন।
আরিফ মোল্যা জানান, আমরা ধীরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই। আমার বন্ধু শাহানুরকে বাঁচানো যায়নি।
নিহতের চাচা মোস্তাফিজুর রহমান রিয়াজ বলেন, গোল্ডেন লাইন পরিবহনের বেপরোয়া গাড়ি চালানোয় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমার ভাতিজাও তাদের বেপরোয়া গতির বলি হলো। আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে পৌঁছানোর আগেই ঘাতক বাসটি পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।