হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ পিএম
সেবা গ্রহীতাদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অজুহাতে কাজ আটকে রেখে মানুষকে হয়রানির প্রতিবাদে হবিগঞ্জের বানিয়াচং এসিল্যান্ড ইসমাইল রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। এসিল্যান্ডকে দ্রুত অপসারণ না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ ফয়ছল আহমেদের সভাপতিত্বে ও এনসিপি উপজেলা সংগঠক জীবন আহমেদ লিটনের পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- প্রবীন আলেম মাওলানা মোখলেছুর রহমান, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান, সেক্রেটারি মো. মোখলেছ মিয়া, এসিল্যান্ডের হয়রানির শিকার মুফতি নাসির উদ্দিন সৌরভ, মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফেজ আব্দুল মুকিত, মাওলানা আহমেদ আলী আজিজী, সাংবাদিক সুজন মিয়া, এনায়েত হোসেন, হাবিবুর রহমান মাসুক, পঞ্চায়েত ব্যক্তিত্ব আফরিন মিয়া, এনিসিপি নেতা সুজন মিয়া, ভুক্তভোগী কৃষক হাবিব মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ ফ্রেবুয়ারি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. ইসমাঈল রহমান। এরপর থেকেই বানিয়াচংয়ে ভূমি সেবায় চরম ভোগান্তিতে পড়েন সেবাপ্রত্যাশীরা। শুধু তাই নয়, তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে একাধিকবার স্থানীয় এবং বিভিন্ন জাতীয় দৈনিকে ওই কর্মকর্তার নামে সংবাদ প্রকাশিত হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন এবং মারতে তেড়ে আসেন।
তারা আরও বলেন, হাওরে ড্রেজারে মেশিন, এক্সেভেটর, মাটির ট্রাক্টর থেকে এসিল্যান্ড মাশুহারা নেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সেবাপ্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই বিক্ষুদ্ধ জনতা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই এসিল্যান্ড ইসমাইল রহমানকে শাস্তিমূলক স্ট্যান্ড রিলিজ করার দাবি জানান আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে এসিল্যান্ড ইসমাঈল রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।